রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগানের আল আমিন মসজিদ-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিপনের স্ত্রী রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শিপনের সঙ্গে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে শিপন ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। পরে আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় একসঙ্গে বসবাস করছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
আমার বাঙলা/ রাব্বি
