নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি না— এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “একজন মন্তব্য করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন না, এমনকি তিনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন বলেও দাবি করা হয়েছে। আমি জানতে চাই, সেই নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন?”
তিনি আরও বলেন, “অপ্রয়োজনীয় ও অসংযত কথাবার্তার মাধ্যমে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হচ্ছে, তা বন্ধ করতে হবে। ভণ্ডামি ও নোংরামি পরিহার করতে হবে। আমরা ঐক্য চাই, আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য সবাইকে আন্তরিক হতে হবে।”
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, “আমাদের বিরুদ্ধে যেসব মন্তব্য, বক্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের রাজনীতি করা হচ্ছে, তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আস্থা রাখছে। প্রধানমন্ত্রী বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, তা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পেরেছে।
তিনি বলেন, এটি প্রমাণ করে প্রধানমন্ত্রী প্রটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি রয়েছেন। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সচিবালয়ে খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগও সরকারের জবাবদিহি ও সাশ্রয়ী নীতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি।
আমার বাঙলা/ রাব্বি
