বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা মজিদ বাড়ি এলাকায় তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমবেত হন। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, মানবিকতা, ন্যায়বিচার ও জনসেবাকে গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনে দলের নেতাকর্মীদের কাজ করা উচিত।
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের নেতাকর্মীবৃন্দ।
সান নিউজ/ জামান
