সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আমি আপনাদের মর্যাদা রক্ষা করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে কাজ করে আপনাদের সেবা করে আমরা জনগণের মন জয় করবো। আমরা জনগণের পাশে দাঁড়াবো। শনিবার বিকেলে সাভারের তেঁঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া লোকনাথ মন্দিরে ঘাটলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে জানিয়ে এসময় তিনি আরও বলেন, অন্যায়, জুলুমকারী, অত্যাচারকারী, ভূমিদস্যুদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী কখনই চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের ক্ষমা করবেনা। তাই মাদক কেউ সেবন করতে পারবে না, বিক্রি করতে পারবে না কারণ মাদক একটি সংসারকে ধ্বংস করে দেয়। মাদক খেয়ে বাবা-মাকে পিটায়, স্ত্রীকে পিটায়, সন্তানকে পিটায়, চাঁদাবাজি করে, জমি দখল করে যে কারণে সংসার নষ্ট হয়ে যায়। একটি সংসার যদি নষ্ট হয়ে যায়, রাষ্ট্র কিন্তু ভালো থাকে না।
বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই উল্লেখ করে তিনি আরও বলেন, তেঁতুলঝোড়াসহ কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। চাঁদাবাজ-সন্ত্রাসীরা যদি বিএনপির লোক হয়ে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। ভূমিদস্যুর টাই বিএনপিতে হবে না। ইতোমধ্যে এই এলাকার একজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অভিযোগ এসেছে, তাকে আমরা দূরে রেখেছি। আপনাদের সকলের সামনে বলে দিচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে দখলকৃত জমি ফিরিয়ে না দিলে কোন বিচার-সালিশ চলবেনা, সোজা গ্রেপ্তার করে করে নিয়ে যাবে পুলিশ।
মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যক্রম চলছে। তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজার, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
