জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মহব্বতপুর গ্রামের আব্দুল হাকিম সরদার, আব্দুল গফুর, নাজিদুল সরদার, জামিউল হোসেন, আবু সাইদ, নাদিম সরদার ও নাজু বিবি। অপর পক্ষের আহতরা হলেন মঞ্জুরুল ও বেলজান। আরও একজন আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভুক্তভোগী আব্দুল হাকিম সরদার জানান, ২০২০ সালে তিনি একই গ্রামের আব্দুল লতিফের মেয়ে নুরুন্নাহারের কাছ থেকে ৯ শতক জমি কেনেন। পরে নুরুন্নাহারের ছোট বোন শারমিন ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
শুক্রবার সকালে শারমিন ও তার লোকজন ওই জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের ১০ জন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল হোসেন বলেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ বা মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার বাঙলা/ রাব্বি
