‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি বেশি বেশি বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সান নিউজ/ জামান
