গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান ঠেলে চালককে সহায়তা করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েব আমীর মো. মাজেদুর রহমান সরকার। এ ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভাঙা ও কাদাময় সড়কে মালবোঝাই ভ্যানটি এগিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন চালক। এ সময় এমপি মো. মাজেদুর রহমান সরকার ভ্যানচালকের কষ্ট দেখে নিজেই ভ্যানটি ঠেলে সহায়তা করেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকেও ঘটনাস্থলে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এমপির মানবিক আচরণের প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ বললেও এলাকার সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে, কয়েকজন নেটিজেন ঘটনাটিকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, “ঘটনার দিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। রামজীবন ইউনিয়নের কইকই কাশদহ গ্রামে গিয়ে দেখি ভাঙা কাঁচা সড়কে মালবোঝাই একটি ভ্যান আটকে আছে। চালক কারও সহায়তার অপেক্ষায় ছিলেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ভ্যানটি ঠেলে সহযোগিতা করেছি। এর বেশি কিছু নয়।”
আমার বাঙলা/ রাব্বি
