শুক্রবার (৩ জুলাই) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার মোড়লকান্দি মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবচর উপজেলার জিনার গেট মাদবরকান্দি এলাকার হারুন মাদবরের ৯ বছর বয়সী মেয়ে আয়শা এবং একই এলাকার খায়রুল মাদবরের স্ত্রী মাহিমা আক্তার (৩৫)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।
আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক লিটন (১৯)। তিনি শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকার হায়দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শিবচর থেকে কুতুবপুরগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ম ১১-৫৮৯০) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ব্যাটারিচালিত ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শা ও মাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরোও কয়েকজন যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
