মুন্সীগঞ্জ সিপাহিপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘চিজি বান্স’ নামে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২১ জুন ২০২৬) সদর উপজেলার সিপাহিপাড়াতে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযান কালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা হচ্ছে। এছাড়া ফ্রিজে মেয়াদোত্তীর্ণ চিজ সংরক্ষণ, উন্মুক্ত অবস্থায় ডাস্টবিন রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা না থাকাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক জাহেদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
