বিশ্বকাপে শুরুর আগে আগামীকাল (৯ জুন) নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি জানান ম্যাচটিতে মাঠে নামছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
স্ক্যালোনি বলেন, ‘লিও এখন সম্পূর্ণ ফিট আছে। সে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাকে মাঠে দেখা যাবে।’
বয়সের কারণে সাম্প্রতিক সময়ে মেসির ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি লিও মাঠে থাকা মানে আমাদের জন্য বাড়তি সুবিধা। সে এমন একজন খেলোয়াড় যে কিনা এক নিমেষেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার আর্জেন্টিনার ওপর চাপ ও প্রত্যাশা অনেক বেশি। দলগত পরিকল্পনায় মেসির ভূমিকা নিয়ে স্ক্যালোনি বলেন, ‘মাঠে লিওর উপস্থিতি শুধু কৌশলগত দিক থেকেই আমাদের এগিয়ে রাখে না বরং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেয়। সে আমাদের দলের নেতা এবং প্রধান চালিকাশক্তি। আমরা এই ম্যাচটিকে খুবই গুরুত্ব সহকারে নিচ্ছি এবং লিও নিজেই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছে।’
আর্জেন্টাইন দল অধিনায়কের ফিটনেস নিয়ে শতভাগ নিশ্চিত। মাঠের লড়াইয়ে প্রিয় তারকার পায়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত-সমর্থকরা।
সান নিউজ/ জামান
