মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৮ জুন) সকাল দশটায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে। তবে পরিবার নিয়ে তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। পাশের পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে ধরে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
তবে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। সোমবার সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন, দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
