বৈরী আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরের পর হঠাৎ করে নদী এলাকায় তীব্র বাতাস, ঝোড়ো বৃষ্টি এবং ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করেই নদীতে ঝড়ো বাতাস শুরু হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার পর থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া। এতে নদীপথে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়েই যাত্রী ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
