ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে, অফিস খোলা থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল সোমবার।
রবিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, “সোমবার সকাল ১১ টায় আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় অফিস চলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রবিবার রাতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
