টিবিএস রিপোর্ট
17 October, 2025, 12:20 pm
Last modified: 17 October, 2025, 03:17 pm
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
সকাল ১০টা থেকে তিন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে হাজির হয়ে বিক্ষোভ করতে থাকেন শতাধিক ‘জুলাই যোদ্ধা’। দুপুর ২টা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত, সকালে যেসব ‘জুলাই যোদ্ধা’ জোর করে সংসদ চত্বরে ঢুকেছিলেন, তাদের অনুষ্ঠানস্থল থেকে ধাওয়া দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
আন্দোলনকারীরা এসময় সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন অনুষ্ঠানের জন্য নির্মিত অস্থায়ী অভ্যর্থনা কক্ষ, কন্ট্রোল রুম এবং আসবাবপত্রে।
মানিক মিয়া এভিনিউ ফাঁকা করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন, সোয়াট, বিজিবি ও আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেটের প্লাজার প্রান্তের দিকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ছবি; শাহরিয়ার আজম/টিবিএস
“>
ছবি; শাহরিয়ার আজম/টিবিএস
