তবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইজারাভিত্তিক চুক্তি যথেষ্ট নয়। দেশগুলোর মালিকানা থাকতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘দেশগুলো ৯ বছরের চুক্তি এমনকি ১০০ বছরের চুক্তির ভিত্তিতে চলতে পারে না।’
ট্রাম্প বলেন, ‘আমি চীনের মানুষকে ভালোবাসি। আমি রাশিয়ার মানুষকে ভালবাসি। কিন্তু আমি চাই না, তাঁরা গ্রিনল্যান্ডে আমাদের প্রতিবেশী হোন। সেটা হবে না। ব্যাপারটা ন্যাটোকেও বুঝতে হবে।’
প্রভাবশালী ইউরোপীয় দেশগুলো, কানাডাসহ ন্যাটো মিত্ররা চলতি সপ্তাহে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে, ‘শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই তাদের সম্পর্ক–সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।’ তারা আরও বলেছে, উত্তর মেরু অঞ্চলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের মতো মিত্রদেরও আগ্রহ আছে এবং এটি মিত্রদের মিলিত প্রচেষ্টায় অর্জন করতে হবে। জাতিসংঘের নীতি মেনে চলারও আহ্বান জানিয়েছে তারা।
