রাজধানীর রমনার মিন্টু রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল বারী নোয়াখালীর সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এসআই মো. হানিফ জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থল থেকে আব্দুল বারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে রাত ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই হানিফ বলেন, “নিহতের কাছে পাওয়া এনআইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহতের স্বজনদের খোঁজ করা হচ্ছে। এরপরই তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
