নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করেছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার সংলগ্ন নদীর জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।
স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকার নদীর জমি ও আশপাশের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ট্রলি ও ৫টি ব্যাটারি জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ট্রলি ও ব্যাটারিগুলো প্রশাসনের জিম্মায় নেওয়া হয়।
এ বিষয়ে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া জানান, নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা নদীর জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমারবাঙলা/এসএবি
