যুদ্ধের ১২তম দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এটি ইরানের যুদ্ধ শুরুর পর ইরানের ৩৭তম আক্রমণ। বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ হামলা হয়েছে।
গতকাল বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদরদপ্তরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কুয়েতের ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী উপসাগরীয় দেশটিকে লক্ষ্য করে একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। গতকাল সকালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি তেলক্ষেত্রের দিকে অগ্রসর হওয়া পাঁচটি ড্রোন ভূপাতিত করেছেন। তারা জানান, তারা পূর্ব প্রদেশে দুটি ড্রোন বাধা ও ধ্বংস করেছেন।
বাহরাইনে মানামার কাছে সিত্রায় ইরানের হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ড্রোন হামলার পর মা’আমিরের একটি স্থাপনায় আগুন লেগেছে। সংযুক্ত আরব আমিরাতও বলেছে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে। এতে চারজন আহত হয়েছেন। বোমার ধাতবের আঘাতে ইরাকে আরও একজন নিহত হয়েছেন।
সান নিউজ/আরএ
