বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় সাশ্রয়মূলক ব্যবস্থায় জোর দিয়েছে সরকার। তবে শুরুতে নির্দেশনা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক এলাকায় ব্যাপক আলোকসজ্জা দেখা গেলেও অভিযান শুরু ঘোষণার পর অনেক মার্কেটেই তা কমে এসেছে।
গত ৪ মার্চ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দেয়। এতে অপ্রয়োজনীয় সব ধরনের আলোকসজ্জা পরিহার, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান এবং খোলাবাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
তবে নির্দেশনার পরও ঈদকে সামনে রেখে রাজধানীর অনেক শপিং মল ও মার্কেটে সন্ধ্যার পর আলোকসজ্জা চালু রাখা হয়। গতকাল পর্যন্ত বেশিরভাগ মার্কেটেই অতিরিক্ত আলোর ব্যবহার দেখা গেছে।
এদিকে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। প্রতিদিন ইফতারের পর রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শুরুর পর রাজধানীর বেশিরভাগ মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সরেজমিনে রাত নয়টার দিকে বসুন্ধরা মার্কেট, বেইলি রোডের সব মার্কেট এবং ইস্টার্ন প্লাস মার্কেট ঘুরে দেখা যায়, এসব মার্কেটে আলোকসজ্জা বন্ধ। অভিযানে শুরুতেই সচেতনতার অংশ হিসেবেই কর্তৃপক্ষ থেকেই। আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে কিছু কিছু এলাকায় বসুন্ধরারা উলটা দিকের ফার্নিচার মার্কেটের মতো এখনও আলোকসজ্জা দেখা গেছে।
