বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি (বাধ্যতামূলক অবসর) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে হাজিরা দিতে এলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।
বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক ও শাহাজানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বল এজাহারে উল্লেখ করেছেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন ধাওয়া করে তার গাড়ি আটক করেন। এরপর তাকে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে উজ্জ্বল তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা ওসিকে দেন। এরপরও তাকে অজ্ঞাত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠান। দীর্ঘ ১০ বছর পর তিনি গত ২৫ ফেব্রুয়ারি আদালতে সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য বগুড়ার শাজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন। তদন্ত শেষে ওই কর্মকর্তা সাবেক ওসি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ বিষয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বল বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজি করেছেন। তার সঙ্গে হওয়া এই অন্যায়ের সুষ্ঠু বিচার চান; যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে থাকা সাবেক ওসি আলমগীর হোসেন সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন। শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
