সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. মতিউর রহমান, টিএমএসএস হেমাটোলজি ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের চিফ কনসালট্যান্ট আবু জাফর মোহাম্মদ সালেহ ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা।
মতিউর রহমান বলেন, ঢাকার বাইরে উত্তরবঙ্গে প্রথমবারের মতো সফলভাবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হলো। এটি শুধু টিএমএসএস হেমাটোলজি অ্যান্ড বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের অর্জন নয়; বরং উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় একটি ঐতিহাসিক মাইলফলক। এ সাফল্যের মাধ্যমে তাঁরা উত্তরাঞ্চলবাসীর কাছে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে চান।
এই সাফল্যের ফলে উত্তরবঙ্গসহ আশপাশের অঞ্চলের রোগীরা সহজে ও তুলনামূলক স্বল্প খরচে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন বলে জানান আবু জাফর মোহাম্মদ সালেহ। তাঁর মতে, এতে রাজধানীকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভরশীলতা কমবে।
