আজ সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা গতকাল বুধবার দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডই বাজারে এলপিজি সিলিন্ডার বিক্রি করে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের বিক্রি সকাল থেকে বন্ধ আছে। এর বাইরে দেশের অন্য জেলায় এলপিজি বিক্রি চলছে।
আজ বিকেলে বিইআরসির সঙ্গে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর এলপিজি বিক্রির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানোর কথা।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি বলছে, বৈঠকে দাবি মানা না হলে ব্যবসায়ীরা এলপিজি বিক্রি বন্ধ রাখবেন। আর দাবি মানা হলে এলপিজি বিক্রি আবার শুরু করবেন তাঁরা।
এর আগে গত সোমবার ‘এলপিজির আমদানি বাড়াতে চেয়ে অনুমতি পাননি ব্যবসায়ীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এরপরই এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি মোহাম্মদ আমিরুল হক আজ প্রথম আলোকে বলেন, ‘এখনই তো সরবরাহ বাড়ানো যাবে না। তবে আমদানি বাড়াতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এলপিজির সরবরাহ বাড়বে।’
