যোবায়ের আলম জানান, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ১০টি গুলি এবং পাঁচটি শটগানের গুলি আছে। এ ছাড়া অভিযানে আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, ইলেকট্রিক শটগান, মাদক, ১০ লাখ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।
সেনাবাহিনীর এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কালাপাহাড়িয়া এলাকাটি চারপাশ থেকে মেঘনা নদীবেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি সংবেদনশীল এবং দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ নেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এ এলাকায় বিভিন্ন অবৈধ অস্ত্র, মাদক ও থানা থেকে লুট করা অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।
