জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত রাত সাড়ে ১২টার পর ভোট গণনা শুরু হয়েছে।
রাত সাড়ে ১২টার পর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জকসুর ভোট গণনা শুরু হয়। প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। বিভাগটিতে ২৭৮টি ভোট পড়েছে।
মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
