রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালক। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই কর্মকর্তার মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নিয়েছিল ছিনতাইকারীরা। অবশেষে ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে।
গ্রেফতার হওয়ারা হলেন, শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। পুলিশের দাবি, তারা দু’জন ছিনতাইকারী চক্রের সদস্য।
1ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দু’টি উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. মোতাহার হোসেন। এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছ থেকে দু’টি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামী হাতঘড়ি ছিনিয়ে নেয়।
