গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবদলের নেতা শাহিন কবির স্বপনের (৩৮) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট সড়কের হিঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহিন কবির স্বপন যুবদলের ধাপেরহাট ইউনিয়ন শাখার সদস্যসচিব। তিনি ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহেব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বপন সাদুল্লাপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হিঙ্গারপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে স্বপনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং মাথায় একাধিক আঘাতের কারণে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্বপনের স্বজনদের অভিযোগ, বাড়ি ফেরার পথে রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘রাতে একটি হামলার ঘটনার খবর স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে তিনি যুবদলের নেতা কিনা এবং কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, স্বপনের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে স্বপনকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
